এশিয়া কাপের সুপার ফোর পর্বের দ্বিতীয় ম্যাচে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের পাঠিয়েছে ভারত। আজ রোববার রাত সাড়ে আটটায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
সাম্প্রতি মাঠের লড়াইয়ে ভারত-পাকিস্তান ম্যাচগুলো আর আগের মতো জমছে না, বরং একপেশে হয়ে যাচ্ছে। যদিও মাঠের বাইরে কথার লড়াইয়ে সবসময়ই বাড়তি উত্তেজনা থাকে। রাজনৈতিক বৈরিতার কারণে আইসিসি বা এসিসি ইভেন্ট ছাড়া দুই দলের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ হয় না, যার ফলে খেলা ছাপিয়ে রাজনৈতিক কারণেই বেশি উত্তাপ ছড়ায়।
এবারের এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে সহজেই জিতেছিল ভারত। তবে ম্যাচের ফল ছাপিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে হাত মেলানো নিয়ে। টসের সময় দুই দলের অধিনায়ক হাত মেলাননি, এমনকি ম্যাচ শেষেও ভারতের কোনো খেলোয়াড় পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি। সেই ঘটনার পুনরাবৃত্তি এবারও ঘটেছে, সুপার ফোরের এই ম্যাচেও দুই দলের অধিনায়ক হাত মেলায়নি।
সবশেষ পাঁচ বারের সাক্ষাতে ভারত সব ম্যাচেই পাকিস্তানকে হারিয়েছে। তবে সামগ্রিক পরিসংখ্যান দেখলে পাল্লাটা পাকিস্তানের দিকেই বেশি ভারী। ১৯৫২ সালে পাকিস্তানের টেস্ট অভিষেকের পর থেকে এখন পর্যন্ত দুই দলের ২০৯টি ম্যাচের মধ্যে পাকিস্তান জিতেছে ৮৮টিতে, ভারত জিতেছে ৭৭টিতে। বাকি ম্যাচগুলোর মধ্যে একটি টাই, পাঁচটি পরিত্যক্ত এবং ৩৮টি টেস্ট ড্র হয়েছে।
ভারতের বিপক্ষে পাকিস্তানের সর্বশেষ জয় ছিল ২০২২ সালের এশিয়া কাপে, যেখানে তারা ৫ উইকেটে জিতেছিল। এরপর থেকে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে সাতটি ম্যাচে পাকিস্তান জিততে পারেনি, যার মধ্যে শেষ পাঁচটি ম্যাচেই হেরেছে তারা।
২০০৭ সালের পর থেকে এই দুই দল আর কোনো টেস্ট ম্যাচ খেলেনি। তবে দীর্ঘ সময়ে দুই দলের লড়াইয়ের ইতিহাসে কোনো দলই টানা পাঁচটির বেশি ম্যাচ জেতেনি। আজ যদি ভারত ম্যাচটি জিতে নেয়, তাহলে তারা প্রথমবারের মতো টানা ছয় ম্যাচে জয়ের নতুন রেকর্ড গড়বে।
0 Comments